সিন্ডিকেটের বাবা-১
একটু একটু বুঝি'রে ভাই কেমন খেলা দাবা, নিত্য পণ্যের দাম বাড়ায় কে! সিন্ডিকেটের বাবা? পেঁয়াজ'টা আজ ঝাঁঝালো আর আলু গুলো মোটা, দাম বাড়াইছে বাবা বসেই, দিস না কেউ খোটা। বাবা ভীষণ ভদ্র মানুষ, বুঝলি সোনার ছেলে? আঁদা-রসুন-হলুদ-মরিচ বাবায় দিচ্ছেন ঢেলে। হাত লাগাবি জায়গা মতো— নইলে পুড়বে হাত, ব্যাগ ভর্তি তুই করবি বাজার- নইলে খাবি লাথ। তেলের দামটা একটু কমায়, চিনির দাম'ই বাড়ে বাবায় একবার ধরলে কিছু, সেটা কী আর ছাড়ে! বাবার কথায় উঠে বসে— দপ্তরের সব লোক, মিছিল মিটিং করে বল তুই- বাবার জয় হোক। জিরার বাজার হীরার খনি, মাছের বাজার চড়া, বাবা করেন তেলেসমাতি, তুই খেয়েছিস ধরা। ডিমের বাজার বসছে হাজার, নেই তো কারও ভয়, চিটিংবাজি, মিটিং বাজি বাবার কথায় হয়। বাস ভাড়াটাও কিসের জোরে হুড়হুড় করে বাড়ে? আমজনতা বুঝবি না তুই- বাবা'ই পাওয়ার ছাড়ে। যেদিন থেকে বুক বরাবর পড়বে হঠাৎ থাবা, সেদিন থেকেই বুঝবি'রে তুই- কেমন ছিলেন বাবা। কবিতাঃ সিন্ডিকেটের বাবা-১ কলমেঃ ইসহাক মাহমুদ ০১.১১.২০২৩